ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ: বুলবুল

by Fatih Work

আইপিএলে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সম্পর্ক ফের উত্তপ্ত হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ভারতে আয়োজিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে এখনো অটল রয়েছে বাংলাদেশ।

শনিবার (১০ জানুয়ারি) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট করে জানান, এ বিষয়ে বোর্ডের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তিনি বলেন, বিসিবি ইতোমধ্যে দুই দফায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে লিখিতভাবে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন
banner

বিসিবির পক্ষ থেকে আইসিসিকে অনুরোধ করা হয়েছে, বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়টি বিবেচনা করতে। বোর্ড সূত্র জানায়, নিরাপত্তাজনিত উদ্বেগের পাশাপাশি মোস্তাফিজুর রহমানকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিকে তারা ‘জাতীয় মর্যাদার প্রশ্ন’ হিসেবে দেখছে। দেশের ক্রিকেটের সম্মান রক্ষার বিষয়টিকেই এই অবস্থানের মূল কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

এদিকে, একাধিকবার চিঠি পাঠানো হলেও এখনো পর্যন্ত আইসিসির পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে ক্রিকেটাঙ্গনে আলোচনা জোরালো হচ্ছে, আইসিসি কি বাংলাদেশের দাবির পরিপ্রেক্ষিতে ভেন্যু পরিবর্তনে সম্মত হবে, নাকি বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পথে যাবে।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা আমাদের সিদ্ধান্তে দৃঢ় আছি। আশা করছি আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যে আইসিসি থেকে স্পষ্ট কোনো জবাব পাওয়া যাবে।’

তিনি আরও জানান, ভারতে খেলা নিয়ে বিসিবির আপত্তি অত্যন্ত শক্ত অবস্থানের জায়গায় রয়েছে। ভেন্যু পরিবর্তনের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না এলে বাংলাদেশকে বিকল্প পথ বেছে নিতে হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222