রায়পুরায় পূর্ব বিরোধের জেরে বৃদ্ধকে গুলি করে হত্যা, আহত ৩

by Abid vs36

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীর রায়পুরায় দীর্ঘদিনের পুরোনো বিরোধের জের ধরে বসতবাড়িতে ঢুকে মোমেন মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে মাথায় ও পায়ে গুলি করে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের এই অতর্কিত হামলায় আরও অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার (২ আগস্ট) সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামে ‘সরকার বাড়ির মোমেন গ্রুপ’ এবং ‘পূর্বপাড়া ফরিদ গ্রুপ’-এর অনুসারীদের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

নিহত মোমেন মিয়া সওদাগরকান্দি গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন—মৃত খালেক মিয়ার ছেলে মোবারক (৬৫), শহীদ মিয়ার ছেলে নাজমুল হোসেন (৩০) এবং কুদ্দুস মিয়ার ছেলে রুহুল আমিন (৩৭)। আহতদের দ্রুত উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ফরিদ গ্রুপ এবং প্রাক্তন চেয়ারম্যান মোমেন গ্রুপের মধ্যে সংঘাত চলে আসছিল। পূর্বে স্থানীয় সংসদ সদস্য উদ্যোগ নিয়ে দুই পক্ষের মধ্যকার বিরোধ মীমাংসা করে দিলেও পরবর্তীতে তা আবার চরম আকার ধারণ করে।

এরই জের ধরে রোববার সকালে ফরিদ গ্রুপের একদল সদস্য দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে মোমেন মিয়ার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে তাণ্ডব শুরু করে। একপর্যায়ে মোমেন মিয়াকে লক্ষ্য করে খুব কাছ থেকে এলোপাতাড়ি গুলি ছোঁড়া হয়। এতে তার মাথায় ও পায়ে সরাসরি গুলি লাগে। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিনিতা জানান, অত্যন্ত রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় মোমেন মিয়াকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষায় তার শরীরের পালস ও ব্লাড প্রেসার পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান জানান, সওদাগরকান্দি এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোমেন মিয়া নামের একজন মারা গেছেন এবং কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222