হাসিনার ফ্যাসিবাদের পেছনের প্রধান শক্তি ছিল ভারত: মাহমুদুর রহমান

by Fatih Work

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ‘বাংলাদেশে প্রায় ১৬ বছর ফ্যাসিবাদী শাসনামলে জনগণের ওপর দমন-পীড়ন, অধিকার হরণ ও রাষ্ট্রের সার্বভৌমত্ব পর্যন্ত বিক্রি করে দেওয়া হয়েছে। আর এই ফ্যাসিবাদের পেছনের প্রধান শক্তি ছিল প্রতিবেশী দেশ ভারত।’

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত ‘জুলাই ছাত্র গণ-অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা ও হাসিনার ফ্যাসিবাদ নির্বাসন থেকে দেখা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

মাহমুদুর রহমান বলেন, ‘জুলাই বিপ্লবে সবাই একসঙ্গে দুই শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। একদিকে শেখ হাসিনার নেতৃত্বাধীন অভ্যন্তরীণ ফ্যাসিবাদী সরকার, অন্যদিকে ভারতের আধিপত্যবাদী শক্তি। এই দুই লড়াই একসঙ্গে হয়েছে এবং এই লড়াইয়ে দেশের গণতন্ত্র প্রিয় নিপীড়িত জনগণের জয় হয়েছে।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেসব রাজনৈতিক দল ও ছাত্র শক্তি মাঠে লড়াই করেছে, আগামী নির্বাচনে তাদের কেউ ক্ষমতায় যাবে, কেউ বিরোধী দলে থাকবে। তবে রাষ্ট্রের স্বার্থে ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সবাইকে এক থাকতে হবে। কোনোভাবে রিফাইন্ড আওয়ামী লীগ বা জাতীয় পার্টির নামে কোনো ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না।’

অনুষ্ঠানে সাংস্কৃতিক ফ্যাসিবাদ প্রসঙ্গে আমার দেশ সম্পাদক বলেন, ‘স্বাধীনতার পর থেকেই দেশের গণমাধ্যমে সামাজিক সাম্রাজ্যবাদী শক্তির অনুপ্রবেশ ঘটেছে। শেখ হাসিনার শাসনামলে এর চূড়ান্ত রূপ দেখা গেছে। এখনো মিডিয়াকে সেই শক্তির দখল থেকে মুক্ত করা সম্ভব হয়নি। এটি আমাদের সবার ব্যর্থতা।’

জুলাই সনদকে জনগণের দাবি হিসেবে আখ্যা দিয়ে মাহমুদুর রহমান বলেন, ‘সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব আছে, তা দ্রুত দূর করতে হবে। ঐক্যবদ্ধভাবে সনদ গ্রহণ করতে পারলে এর আলোকে সুষ্ঠ নির্বাচন আয়োজন সম্ভব হবে। সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হবে।’

বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিকে জুলাই-উত্তর বাংলাদেশের তিনটি প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, ‘এই তিন দলসহ অন্যান্য রাজনৈতিক শক্তি একসঙ্গে লড়াই করে শেখ হাসিনা ও ভারতীয় সাম্রাজ্যবাদকে পরাজিত করেছে। কাজেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে হবে।’

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222