ইখতিয়ারউদ্দিন দুর্গে শিল্পের সেতুবন্ধন, দেশি–বিদেশি মিলনমেলায় আফগান ঐতিহ্য

by hsnalmahmud@gmail.com

হেরাতের ঐতিহাসিক ইখতিয়ারউদ্দিন দুর্গ যেন পরিণত হয়েছে শিল্প-সংস্কৃতির মিলনমেলায়। সাত দিনের এই প্রদর্শনীতে শিল্পকলা ও হস্তশিল্পের সমাহারে হাজির হয়েছেন পশ্চিমাঞ্চলের শিল্পী ও উদ্যোক্তারা। প্রায় শতাধিক স্টলজুড়ে সাজানো নানা রঙের শিল্পকর্ম, কারুশিল্প আর ঐতিহ্যবাহী দ্রব্য যেন দর্শনার্থীদের নিয়ে যাচ্ছে আফগানিস্তানের ইতিহাস ও সংস্কৃতির গভীরে।

এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করেছে হেরাতের তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং তুরস্কের উন্নয়ন সংস্থা টিআইকেএ (TİKA)। আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশে ভরপুর হয়ে উঠেছে দুর্গের প্রাচীন প্রাঙ্গণ।

বিজ্ঞাপন
banner

হেরাতের তথ্য ও সংস্কৃতি বিভাগের শিল্প ও সংস্কৃতি শাখার প্রধান হামিদুল্লাহ গিয়াসি বলেন, “আমরা লক্ষ্য করছি, দিন দিন বিদেশি পর্যটকরা হেরাতের ঐতিহাসিক ও প্রাচীন নিদর্শনগুলোতে আকৃষ্ট হচ্ছেন। এই প্রদর্শনীও তাদের আগ্রহ বাড়াবে।”

টিআইকেএর হেরাত অফিসের প্রধান আরাফাত দেনিজ জানান, “আমরা সবসময়ই প্রদর্শনীকে সমর্থন করি, তা পর্যটন, শিল্প-হস্তশিল্প বা দেশীয় পণ্য যাই হোক না কেন। এসব আয়োজন শিল্পী ও উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে সহায়তা করে।”

দুর্গের দেয়াল ঘেঁষে সাজানো রঙিন পণ্যের মাঝে ঘুরে বেড়ানো বিদেশি পর্যটকরাও মুগ্ধ হয়েছেন আফগান আতিথেয়তায়। ব্রিটিশ পর্যটক সিজার বলেন, “আফগানদের আতিথেয়তা আমাকে সত্যিই বিস্মিত করেছে। এখানে পরিবার-পরিজনের বন্ধন খুব ঘনিষ্ঠ, অতিথিকে আপনজনের মতো দেখেন।”

তবে উৎসবের উচ্ছ্বাসের মধ্যেও শিল্পীদের একাংশের কণ্ঠে শোনা যায় বাস্তবতার আক্ষেপ। অর্থনৈতিক সংকট ও বাজার সংকোচন নিয়ে তাদের দুশ্চিন্তা রয়েছে। স্টলধারী মোহাম্মদ ইব্রাহিম হাবিবি বলেন, “শুধু পর্যটন দিবসে প্রদর্শনী যথেষ্ট নয়, বিভিন্ন সময়ে এবং বিভিন্ন প্রদেশে স্থায়ী প্রদর্শনীর আয়োজন করা উচিত।”

আরেকজন স্টলধারী মোহাম্মদ জাহির দারবিশি বলেন, “তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উচিত বিদেশি দর্শনার্থী, প্রতিষ্ঠান ও দূতাবাসকে এ ধরনের প্রদর্শনীতে আমন্ত্রণ জানানো। এতে আফগানিস্তানে পর্যটক বাড়বে।”

স্টলধারী মোহাম্মদ আখতার হায়দারি মনে করেন, “এই প্রদর্শনী আন্তর্জাতিক মহলে প্রমাণ করে যে আফগানিস্তানে প্রতিভাবান শিল্পী রয়েছে। তাদের কাজ বিশ্বকে জানানোর সুযোগ তৈরি হয়েছে।”

ঐতিহাসিক দুর্গে অনুষ্ঠিত এ প্রদর্শনীর মূল লক্ষ্য শুধু শিল্পকর্ম প্রদর্শন নয়, বরং আফগান ঐতিহ্য, কারুশিল্প ও পর্যটন সম্ভাবনা তুলে ধরা। দেশি-বিদেশি দর্শনার্থীর মিলনমেলায় একদিকে যেমন শিল্পীরা পেয়েছেন নতুন অনুপ্রেরণা, অন্যদিকে আফগান আতিথেয়তা আর ঐতিহ্যের রঙ ছড়িয়ে পড়েছে বিশ্ব দরবারে।

ফিচার: টোলো নিউজ
অনুবাদ: হাসান আল মাহমুদ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222