সবার চোখ ফাঁকি দিয়ে মধ্যরাতে বার্সেলোনায় ঘুরে গেলেন মেসি

by naymurbd1999@gmail.com

কাতালুনিয়ার বাসিন্দারা ঘুম থেকে উঠে চোখ কচলে মুঠোফোনে তাকাতেই বিস্ময়ে স্তব্ধ— লিওনেল মেসি বার্সেলোনায়! সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, হাস্যোজ্জ্বল মুখে ক্যাম্প ন্যুর সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনার মহাতারকা। ছবির সঙ্গে দেওয়া মেসির বার্তাই আবার জাগিয়ে তুলেছে বার্সা সমর্থকদের স্বপ্ন— প্রিয় তারকা কি তবে ফিরছেন?

মেসির আবেগেভরা বার্তা ছিল এমন, ‘গতরাতে আমি ফিরে গিয়েছিলাম এমন এক জায়গায়, যাকে আমি হৃদয়ের গভীর থেকে মিস করি। এমন এক জায়গা, যেখানে আমি ছিলাম অসীম সুখী; যেখানে তোমরা আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানিয়েছিলে হাজারবার। আশা করি, একদিন আমি ফিরে আসব— শুধু বিদায় জানাতে নয়, কারণ খেলোয়াড় হিসেবে আমি কখনও সত্যিকারের বিদায় নিতে পারিনি…।’

বিজ্ঞাপন
banner

এই কয়েকটি বাক্যই যেন মেসির ‘অসমাপ্ত গল্পের’ প্রতিধ্বনি। কিন্তু কিভাবে এমন নিঃশব্দে প্রিয় শহরে ফিরে এলেন তিনি— তা নিয়েই চলছে আলোচনা।

স্প্যানিশ দৈনিক ‘স্পোর্ত’-এর প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় গতকাল দুপুর আড়াইটার দিকে যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেল বিমানবন্দর থেকে প্রাইভেট জেটে বার্সেলোনায় পৌঁছান মেসি। সঙ্গে ছিলেন তাঁর ঘনিষ্ঠ কয়েকজন সঙ্গী ও সতীর্থ রদ্রিগো দে পল। সোমবার স্পেনের আলিকান্তেতে আর্জেন্টিনা দলের অনুশীলন থাকায় দু’জনেই একদিন আগে বার্সেলোনায় সময় কাটানোর সিদ্ধান্ত নেন।

বার্সেলোনার উপকণ্ঠ কাস্তেলদেফেলস-এ নিজের বাড়ি থাকলেও মেসি উঠেছিলেন শহরের হোটেল প্রিন্সেসা সোফিয়ায়, যেখান থেকে দেখা যায় ক্যাম্প ন্যু। সেদিন মাত্র কয়েকজন ভক্তই তাঁকে চিনতে পারেন। তবে কোনো বাড়াবাড়ি না করে মেসি বেরিয়ে আসেন হেঁটে— একেবারে সাধারণ অতিথির মতোই।

রাতে দে পলকে নিয়ে মেসি যান শহরের এক পুরনো রেস্তোরাঁয় নৈশভোজে। এরপর দু’জনে পা রাখেন সেই ঠিকানায়— ক্যাম্প ন্যু। গাড়ি থামে ‘লেস কোর্টস’ এলাকার পাশে। সেখানে হঠাৎ এক সমর্থক তাঁকে চিনে ফেলেন, উচ্ছ্বাসে চিৎকার করে ওঠেন, “মেসি!”
হাসিমুখে ছবি তোলেন মেসি, তারপর ধীরে ধীরে প্রবেশ করেন স্টেডিয়ামের ভেতরে— যেখানে দুই দশক ধরে তিনি গড়েছেন ফুটবল ইতিহাসের সোনালি অধ্যায়।

২০২১ সালের বেদনাময় বিদায়ের পর এটাই ছিল তাঁর প্রথমবার ক্যাম্প ন্যুতে ফেরা। সেই মুহূর্তের অনুভূতি কেবল মেসিই বুঝতে পারেন।

রাত শেষে আবার হোটেলে ফিরে সকালে প্রাইভেট জেটে রওনা দেন আলিকান্তের উদ্দেশে, যোগ দেন আর্জেন্টিনা দলের অনুশীলনে।

এই অল্প সময়ের সফর হয়তো আনুষ্ঠানিক কোনো ফিরে আসা নয়, কিন্তু কোটি বার্সা সমর্থকের হৃদয়ে তা হয়ে থাকবে এক অবিস্মরণীয় ফেরার গল্প।
রোসারিওর জাদুকর মেসি যেমন চিরকাল থাকবেন ক্যাম্প ন্যুর অংশ হয়ে, তেমনি ক্যাম্প ন্যুও থাকবে মেসির হৃদয়ের গভীরে চিরস্থায়ী স্মৃতি হয়ে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222