নীলফামারীতে তিস্তা নদী ও জলাশয় খননের দাবিতে কৃষকদের মানববন্ধন

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

নীলফামারীতে সেচ সংকট নিরসনে বুড়ি তিস্তা নদী ও জলাশয় দখলমুক্ত করে খননের দাবিতে মানববন্ধন করেছে সেচ সুবিধাবঞ্চিত কৃষকেরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। এদিকে কৃষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও তিস্তা নদীর রক্ষা কমিটির সদস্যরা।

বিজ্ঞাপন
banner

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বাপার যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ, তিস্তা নদীর রক্ষা কমিটির সাধারণ সম্পাদক কনক রহমান, বুড়ি তিস্তা নদী ও জলাশয় পুনরুদ্ধার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সেচ সুবিধাবঞ্চিত কৃষক শফিক হোসেন, দুলাল হোসেন ও জয়নাল আলী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে বুড়ি তিস্তা নদী ও জলাশয় অবৈধ দখলে থাকায় সেচকাজ ব্যাহত হচ্ছে। প্রকল্প এলাকার কৃষকেরা সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, ফলে ফসল উৎপাদন কমে যাচ্ছে।”

তারা আরো জানান, পানি উন্নয়ন বোর্ড বুড়ি তিস্তা খননের উদ্যোগ নিলেও প্রশাসন দখলদারদের উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। অল্পসংখ্যক দখলদারের সামনে প্রশাসন কেন অসহায়, সে বিষয়ে প্রশ্ন তোলেন বক্তারা। মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী কৃষকরা।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222