৩৬নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় মাদক ব্যবসায়ীদের বর্বরোচিত হামলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) তিন সদস্য গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লার মাসদাইর (বোয়ালিয়াখালী) এলাকায় এই হামলার ঘটনা ঘটে। র্যাব জানিয়েছে, নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে একটি গোয়েন্দা দল ওই এলাকায় মাদক কেনাবেচার স্পট ও তালিকাভুক্ত ব্যবসায়ীদের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করছিল। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ অতর্কিতভাবে র্যাব সদস্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
হামলায় জখম ও আঘাতপ্রাপ্ত ৩ র্যাব সদস্যকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এই ঘটনার পরপরই মাসদাইর ও সংলগ্ন এলাকায় ব্যাপক সাঁড়াশি অভিযান শুরু করেছে র্যাব। হামলার মূল হোতাসহ জড়িত অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতার করতে পুরো এলাকা ঘেরাও করে তল্লাশি চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এই দুঃসাহসিক হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
র্যাবের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে যে, রাষ্ট্রীয় বাহিনীর ওপর হামলা চালিয়ে কোনো অপরাধী পার পাবে না। মাদকমুক্ত সমাজ গড়ার লড়াইয়ে কোনো অপশক্তির কাছে নতি স্বীকার করা হবে না এবং জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চললেও কাউকে আটকের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
টিএইচএ/
