চাঁদপুর প্রতিনিধি : ভেন্টিলেটর দিয়ে পালাতে গিয়ে রেলিং থেকে মাদরাসাছাত্র উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। চাঁদপুরের মতলব দক্ষিণে একটি মাদরাসার ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে পালাতে গিয়ে জানালার রেলিংয়ে আটকে যায় এক শিক্ষার্থী। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করেন।
বুধবার (৬ মে) দুপুরে মতলব পৌর এলাকার মারকাযুত আল ইসলামিয়া মাদরাসা ভবনের তিন তলা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম মো. ওমর ফারুক। সে উপজেলার চাপাতিয়া গ্রামের মজিবুর রহমান প্রধানের ছেলে এবং মাদরাসার নূরানী বিভাগের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে মাদরাসার তিনতলার ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে বের হওয়ার চেষ্টা করে ওমর ফারুক। এ সময় জানালার রেলিংয়ে আটকে যায় সে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৫ মিনিট চেষ্টার পর তাকে নিরাপদে নিচে নামিয়ে আনে।
মো. ওমর ফারুকের মা ফারহানা আক্তার বলেন, মাদরাসার পরিচালক হাবিবুর রহমান আমাকে বিকেল সাড়ে ৫টার দিকে জানিয়েছে, এখন বাচ্চা মাদরাসায় আছে।
মারকাযুত তাকওয়া আল ইসলামিয়া মাদরাসা পরিচালক হাবিবুর রহমান বলেন, যথারীতি মাদরাসার অন্য সব বাচ্চারা ঘুমিয়ে পরলেও ওমর ফারুক না ঘুমিয়ে পালিয়ে যেতে চাইছে। একপর্যায়ে সে ভেন্টিলেটর দিয়ে বের হওয়ার চেষ্টা করে আটকে যায়। স্থানীয়রা তা দেখে আমাকে জানায়, তারপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। একটি ইউনিট ১৫ মিনিট কাজ করে মাদরাসাছাত্রকে উদ্ধার করে।
