লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ড্রোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৫ মে) দুপুরে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ অভ্যন্তরে মুগলিবাড়ী এলাকায় ড্রোনটি আছড়ে পড়লে বিজিবি তা নিজেদের হেফাজতে নেয়। জানা গেছে, বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের একটি টহল দল ড্রোনটি উড়িয়ে ভিডিও করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে সেটি বাংলাদেশের ভুট্টা ক্ষেতে পড়ে যায়। ড্রোনটি উদ্ধারের চেষ্টা চালিয়ে বিএসএফ সদস্যরা সীমান্তের কাছাকাছি অবস্থান নিলে স্থানীয় কৃষকদের মধ্যে চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ৮৪১ নম্বর প্রধান পিলারের উপপিলার ৮-এর কাছে ড্রোনটি বিকট শব্দে ভূপাতিত হয়। এ সময় বিএসএফ সদস্যরা ড্রোনটি খুঁজতে সীমান্তের জিরো পয়েন্টে জড়ো হতে শুরু করলে বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ড্রোনটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। বিএসএফের হিমালয় ক্যাম্পের কমান্ড্যান্ট ইতোমধ্যে ড্রোনটির বিষয়ে বিজিবির সাথে যোগাযোগ করেছেন এবং সেটি ফেরত পাওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে অভ্যন্তরে ড্রোন উড্ডয়ন এবং পরবর্তী উত্তেজনাকর পরিস্থিতির কারণে সীমান্তে বিজিবি নজরদারি বাড়িয়েছে।
বিজিবি রংপুর-৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বিষয়টি নিশ্চিত করে জানান, ড্রোনটি বর্তমানে বিজিবির হেফাজতে সংরক্ষিত রয়েছে। বিএসএফ কর্তৃপক্ষের পক্ষ থেকে ড্রোনটি ফেরত চাওয়ার বিষয়ে বুড়িমারী কোম্পানি কমান্ডারের সাথে যোগাযোগ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত থাকলেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
টিএইচএ/
