অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ধাপে সিলেটের দুটি উপজেলায় একযোগে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও বাজার এলাকা থেকে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা প্রকৌশলী মোহাম্মদ শহিদুর রহমান রুমানকে আটক করে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা। পরে সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলাল মিয়াকেও গ্রেপ্তার করা হয়।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
অন্যদিকে জকিগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে কৃষকলীগ ও আওয়ামী লীগের আরও চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, বারহাল ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক সাদেক আহমদ লখাই, কসকনকপুর ইউনিয়নের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য শামিম আহমদ এবং জকিগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় কৃষকলীগ নেতা আব্দুল আহাদকে আটক করা হয়। একই দিন বিকেলে বারহাল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক আহমদ লখাইকেও গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার রাতে ছাত্রলীগ নেতা আবু বক্কর ও আওয়ামী লীগ নেতা শামিম আহমদকে পুলিশ হেফাজতে নেয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তারকৃত সবাইকে ২০২৪ সালের ৪ আগস্ট সংঘটিত নাশকতার ঘটনায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
টিএইচএ/
