সহিংসতার আহ্বান জানিয়ে পোস্ট করলে দেয়া যাবে রিপোর্ট, সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে তুলে ধরবে সরকার

by Abid

সন্ত্রাস ও সহিংসতায় উসকানি দেওয়া যেকোনো ধরনের সোশ্যাল মিডিয়া কনটেন্ট সরাসরি রিপোর্ট করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি শনিবার (২০ ডিসেম্বর) থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ গ্রহণ শুরু করবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ আহ্বান জানান। পোস্টে তিনি বলেন, সন্ত্রাস ও সহিংসতার আহ্বান রয়েছে—এমন যেকোনো সোশ্যাল মিডিয়া পোস্ট শনিবার থেকে সরাসরি রিপোর্ট করা যাবে। এজন্য হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩০৮৩৩২৫৯২ এবং ইমেইল ঠিকানা notify@ncsa.gov.bd ব্যবহারের অনুরোধ জানান তিনি।

বিজ্ঞাপন
banner

ফয়েজ আহমদ তৈয়্যব আরও উল্লেখ করেন, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি প্রাপ্ত অভিযোগগুলো প্রাথমিকভাবে যাচাই-বাছাই করবে। যাচাই শেষে প্রয়োজন হলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিপোর্ট পাঠানো হবে।

তিনি স্পষ্ট করেন, সরকার সরাসরি কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট অপসারণ করতে পারে না। তবে যৌক্তিক কারণ দেখিয়ে সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট কনটেন্টগুলো প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে পারে। তিনি স্মরণ করিয়ে দেন, যেসব হেট স্পিচ সরাসরি সহিংসতা উসকে দেয় বা সহিংসতার ডাক দেয়—সেগুলো জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

পোস্টের শেষ অংশে তিনি সবাইকে সোশ্যাল মিডিয়াকে সহিংসতা বা অস্থিরতা সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান এবং দেশ ও নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা রক্ষায় সচেতন ভূমিকা রাখার অনুরোধ করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222