মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে ৮ জন নিহত

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

ভোলার দুলারহাট থানার ঘোষেরহাট এলাকা থেকে ছেড়ে আসা এমভি জাকির সম্রাট–৩ লঞ্চের সঙ্গে অপর একটি লঞ্চ অ্যাডভেঞ্চার–৯ এর ভয়াবহ সংঘর্ষে অন্তত ৮ যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় লঞ্চেই একজন মারা যান

বিজ্ঞাপন
banner

দুর্ঘটনার পর মাঝনদীতে ক্ষতিগ্রস্ত জাকির সম্রাট–৩ লঞ্চটি ডুবো-ডুবো অবস্থায় ভাসতে থাকলে ভোলা থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলী–৯ লঞ্চ দ্রুত এগিয়ে এসে অনেক যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরে যাওয়ার পথে আরও কয়েকজন মারা যান।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা যায়, ঘন কুয়াশার কারণে অ্যাডভেঞ্চার–৯ লঞ্চটি এমভি জাকির সম্রাট–৩ লঞ্চের মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়। এতে জাকির সম্রাট–৩ লঞ্চটির দ্বিতীয় তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

যাত্রীরা জানান, লঞ্চের সাইডে অনেক যাত্রী অবস্থান করছিলেন। সংঘর্ষের তীব্রতায় বহু যাত্রী নদীতে পড়ে যান। তাদের মধ্যে কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের অবস্থা অত্যন্ত গুরুতর। স্থানীয় জেলে ও নৌযান শ্রমিকদের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।

অন্যদিকে, নিহতদের লাশ ও গুরুতর আহত যাত্রীদের নিয়ে ক্ষতিগ্রস্ত জাকির সম্রাট–৩ লঞ্চটি দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার পরপরই নৌ-পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করেছেন। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কয়েকজন আহত যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

নৌ পুলিশের ঢাকা জোনের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, “পরিস্থিতি অনুযায়ী মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222