ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে অপারেশন থিয়েটার (ওটি) রান্নাঘর ও বিশ্রামকক্ষে রূপ নেওয়ায় প্রসূতি মা ও নবজাতকদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে—এমন অভিযোগ উঠেছে। জানা গেছে, প্রায় দুই বছর ধরে হাসপাতালের সংবেদনশীল ওটি কক্ষে গ্যাসের চুলায় রান্না করা হচ্ছে এবং সেখানে অবাধে যাতায়াত চলছে, যা স্বাস্থ্যবিধির চরম লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্প্রতি ওটি কক্ষে রান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতালের ভেতরে স্বাস্থ্যসুরক্ষা ও পরিচ্ছন্নতার এমন ভয়াবহ অবহেলায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ কনসালটেন্ট ও সহকারী পরিচালক ডা. জালাল উদ্দিন। সদস্য হিসেবে রয়েছেন সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. আদনান আহমদ এবং সদস্য সচিব হিসেবে আবাসিক মেডিকেল অফিসার ডা. শোয়েব ইমতিয়াজ নিলয়। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাইফুল ইসলাম বলেন, অপারেশন থিয়েটারে রান্না করার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন, যাদের ওপর রোগীদের জীবন রক্ষার দায়িত্ব, তাদের অবহেলার কারণেই আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ফেনী জেনারেল হাসপাতালের এই স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ঘটনা হাসপাতাল ব্যবস্থাপনার জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রোগী, স্বজন ও সচেতন মহল।
টিএইচএ/
