অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দুইজনের কারাদণ্ড

by Abid

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুরে মোটরসাইকেলের ট্যাংক থেকে বোতলে ভরে জ্বালানি তেল অবৈধভাবে মজুদের অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পৌর শহরের গেইটপাড় স্টেশন রোড এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন।

বিজ্ঞাপন
banner

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. হাবিব (৪৫) ও নাজমুল হাসান (৩৩)। সম্পর্কে তারা একে অপরের শ্বশুর ও জামাতা বলে জানা গেছে। অভিযান চলাকালীন তাদের কাছ থেকে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। মূলত বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা লাভের আশায় তারা এই কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে জানায় প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন জানান, মো. হাবিব ও নাজমুল হাসান বিভিন্ন ফিলিং স্টেশন থেকে দফায় দফায় মোটরসাইকেলের মাধ্যমে পেট্রোল সংগ্রহ করতেন। পরবর্তীতে সেই সংগৃহীত তেল সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলের ট্যাংক থেকে বের করে বোতলে ভরে মজুদ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করা হয়। এ সময় পেট্রোলিয়াম আইন, ২০১৬ লঙ্ঘনের অকাট্য প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন সূত্রে আরও জানা গেছে, জেলায় জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি ও সংকট মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। কোনো অসাধু চক্র যাতে তেলের কালোবাজারি বা অবৈধ মজুদের মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে না পারে, সেজন্য পেট্রোলিয়াম আইন অনুযায়ী এই ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222