আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ভারতের একটি অংশে অসন্তোষ দেখা দিয়েছে। এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন তিরুভনন্তপুরমের সাংসদ ও কংগ্রেস নেতা শশী থারুর। তিনি বিষয়টিকে ‘দুর্গন্ধ ছড়ানো সিদ্ধান্ত’ বলে আখ্যা দিয়েছেন।
বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার অভিযোগের প্রেক্ষাপটে আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দলে নেওয়ার বিষয়টি অনেক ভারতীয় ক্রিকেটভক্ত সহজভাবে মেনে নিতে পারেননি। সামাজিক ও রাজনৈতিক চাপ বাড়তে থাকায় বিসিসিআই কলকাতাকে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বলে জানা যায়। তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি সেই নির্দেশনা মেনে নেয়।
এ বিষয়ে এক নিবন্ধে শশী থারুর লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া উত্তেজনা প্রশমিত করতে তাড়াহুড়ো করে নেওয়া এই সিদ্ধান্ত কূটনৈতিকভাবে ভারতের মর্যাদাকে ক্ষুণ্ন করছে। একজন বাঁহাতি পেসারের অন্তর্ভুক্তি নিজেই প্রমাণ করে, সিদ্ধান্তটি ভুল ছিল। এতে দেশের সভ্যতা ও উদার মানসিকতার প্রতিফলন ঘটে না বলেও মন্তব্য করেন তিনি।
থারুর আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা বা সহিংসতার প্রতিক্রিয়া হিসেবে কোনো খেলোয়াড়কে লক্ষ্যবস্তু করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এতে আইপিএলের মূল দর্শন ব্যাহত হয়। আইপিএল বিশ্বসেরা প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে গড়ে ওঠা একটি টুর্নামেন্ট—এখানে কোনো খেলোয়াড়কে যাচাই-বাছাই শেষে নিলামের তালিকায় রাখার পর রাজনৈতিক কারণে তাকে বাদ দেওয়া বা সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে বাধ্য করা মানে টুর্নামেন্টের স্বচ্ছতা ও সততাকে প্রশ্নবিদ্ধ করা।
তার মতে, এমন সিদ্ধান্ত আইপিএলের বিশ্বাসযোগ্যতা ও আন্তর্জাতিক ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
টিএইচএ/
