বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

by Abid

রিয়াল মাদ্রিদে জাবি আলোনসোর অধ্যায় খুব বেশি দীর্ঘ হলো না। সাত মাসেরও কম সময়ে ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব থেকে সরে যেতে হলো তাকে। রোববার রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩–২ গোলে পরাজয়ের পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলোনসোর সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় স্প্যানিশ জায়ান্টরা।

২০২৫ সালের ১ জুন আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব নেন আলোনসো। তার আগে বায়ার লেভারকুসেনের কোচ হিসেবে দারুণ সময় কাটান তিনি। ২০২৩–২৪ মৌসুমে লিগ ও কাপ জিতে ঘরোয়া ডাবল পূর্ণ করার পাশাপাশি দলকে ইউরোপা লিগের ফাইনালেও পৌঁছে দেন। রিয়ালের কোচ হিসেবেও শুরুটা ছিল বেশ আশাব্যঞ্জক। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পাশাপাশি প্রথম ১৪ ম্যাচের মধ্যে ১৩টিতেই জয় পায় লস ব্লাঙ্কোসরা।

বিজ্ঞাপন
banner

তবে গত ৪ নভেম্বর লিভারপুলের কাছে হারের পর থেকেই আলোনসোর দলের পারফরম্যান্সে ছন্দপতন ঘটে। পরবর্তী আট ম্যাচে মাত্র দুটি জয় পায় রিয়াল। যদিও পরে টানা পাঁচ ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা হয়, কিন্তু সেটি ক্লাব কর্তৃপক্ষকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি। শেষ পর্যন্ত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকোর পরাজয়ই আলোনসোর দায়িত্বের ইতি টানে।

আলোনসোর বিদায়ের পর নতুন প্রধান কোচ হিসেবে আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ। এর আগে ক্লাবের একাডেমিতে কোচিং করাচ্ছিলেন সাবেক এই ডিফেন্ডার। ৪২ বছর বয়সি আরবেলোয়া ছিলেন স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী দলের সদস্য। খেলোয়াড় হিসেবে ২০০৪–০৫ মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। পরে ২০০৭–০৮ মৌসুমে লিভারপুলে খেললেও ২০০৯ সালে আবার রিয়ালে ফেরেন এবং ২০১৬ সাল পর্যন্ত ক্লাবটিতে ছিলেন। এই সময়ে রিয়ালের হয়ে তিনি ১৫৩টি ম্যাচ খেলেন। কোচিং ক্যারিয়ারে ২০২০ সালে রিয়াল মাদ্রিদের ইয়ুথ টিমের দায়িত্ব নেন আরবেলোয়া।

এল ক্লাসিকোর হতাশা কাটিয়ে আগামী বুধবার কোপা দেল রেতে আলবাচেতের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, নতুন কোচের অধীনে শুরু হবে ক্লাবটির নতুন অধ্যায়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222