মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বড়ো ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ মহানগরী এলাকা থেকে ৩৩০ জন দুষ্কৃতিকারীর প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এমপি-মন্ত্রীসহ এই তালিকায় আরো রয়েছেন সাবেক চসিক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, হিরন, এসরার, মামুন, বাবুসহ জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার মামলার আসামি চসিকের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা। এছাড়া ছাত্র হত্যা মামলার আসামি নুরুল আজিম রনি, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ইমুসহ, শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ, শহিদুল ইসলাম বুইশ্যা, টেম্পুসহ চিহ্নিত সন্ত্রাসীরা এ তালিকায় রয়েছে।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতিকারীকে চট্টগ্রাম মহানগরী থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দুষ্কৃতিকারী দলের সদস্যদের চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আদেশে আরও বলা হয়, এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমন জোরদারের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ জানিয়েছেন, একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষে যারা অতীতে সহিংসতা বা বিশৃঙ্খলার সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে আগাম সতর্কতার অংশ হিসেবে নগরের বাইরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এমএআর/
