আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে সৃষ্ট আইনি ও লজিস্টিক জটিলতা যেন কাটছেই না। নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার অবস্থানে অনড় থাকায় বিসিবি যে ‘গ্রুপ পরিবর্তনের’ বিকল্প প্রস্তাব দিয়েছিল, তা শুরুতেই মুখ থুবড়ে পড়ল। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, তারা টুর্নামেন্টের নির্ধারিত সূচি বা গ্রুপ বিন্যাসে কোনো ধরনের রদবদল মেনে নেবে না। ফলে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তা আরও এক ধাপ ঘনীভূত হলো।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিসিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইসিসি থেকে আসা উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম বুলবুলসহ অন্য নীতি-নির্ধারকরা। অন্যদিকে আইসিসির ইভেন্ট এবং ইন্টিগ্রিটি ইউনিটের দুই প্রতিনিধি এই অচলাবস্থা নিরসনে আলোচনায় অংশ নেন। বৈঠকে বিসিবি তাদের আগের অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তার ঝুঁকি নিয়ে তারা ভারতে দল পাঠাবে না। এই সংকট মোকাবিলায় বাংলাদেশকে আয়ারল্যান্ডের গ্রুপে অদলবদল (Group Swap) করার একটি প্রস্তাব তোলা হয়, যাতে টাইগাররা তাদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কার ভেন্যুতে খেলার সুযোগ পায়।
তবে আয়ারল্যান্ড এই প্রস্তাবের বিপরীতে অবস্থান নিয়েছে। ক্রিকেট আয়ারল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আইসিসি তাদের পূর্বনির্ধারিত গ্রুপ ‘সি’-তে শ্রীলঙ্কায় খেলার বিষয়টি এরই মধ্যে চূড়ান্ত করেছে। গ্রুপ পরিবর্তনের ফলে তাদের নিজস্ব প্রস্তুতি ও লজিস্টিক পরিকল্পনায় বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দিতে পারে বলে মনে করছে তারা।
বর্তমানে নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ গ্রুপ ‘বি’-তে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির মুখোমুখি হবে, যার ভেন্যু রাখা হয়েছে কলকাতা ও মুম্বাইয়ে। অন্যদিকে আয়ারল্যান্ড গ্রুপ ‘সি’-তে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমানের সাথে খেলবে শ্রীলঙ্কার মাঠে।
টিএইচএ/৩৬ নিউজ
