হেলিকপ্টারে চড়ে বিপিএলের ট্রফি নামাবেন আকবর-সালমা

by Fatih Work

জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। তবে মাঠের লড়াই শুরুর আগেই দর্শকদের জন্য অপেক্ষা করছে এক জাদুকরী সন্ধ্যা, যার মূল আকর্ষণ হিসেবে থাকছে বিপিএলের সম্পূর্ণ নতুন নকশার ট্রফি উন্মোচন।

বিজ্ঞাপন
banner

বিসিবি সূত্রে জানা গেছে, ফাইনাল ম্যাচটি কেবল ব্যাট-বলের লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না; বরং ক্রিকেটপ্রেমীদের পূর্ণ বিনোদন দিতে মাঠের পরিবেশকে সাজানো হয়েছে উৎসবের আমেজে। বিকেল সাড়ে ৪টায় ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। এবারের ট্রফি উন্মোচনে থাকছে বিশেষ চমক। হেলিকপ্টারযোগে আকাশপথে ট্রফি নিয়ে মিরপুরের সবুজ ঘাসে অবতরণ করবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি এবং জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক কান্ডারি সালমা খাতুন। এরপর দর্শকদের সামনে উঁচিয়ে ধরা হবে বিপিএলের কাঙ্ক্ষিত সেই ট্রফি।

বিসিবির পক্ষ থেকে এই ফাইনালকে একটি ‘জাদুকরী সন্ধ্যা’ হিসেবে অভিহিত করা হয়েছে। ট্রফি প্রদর্শনী ছাড়াও দর্শকদের আনন্দ দিতে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মাঠ মাতাতে থাকছে সংগীত পরিবেশনা, আর রাতের আকাশ আলোকিত করবে চোখ ধাঁধানো আতশবাজি ও লেজার শো। টুর্নামেন্টের উত্তেজনাকে চূড়ান্ত রূপ দিতেই এই রঙিন আয়োজন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড।

সূচি অনুযায়ী, শিরোপার লড়াইয়ে দুই প্রতিপক্ষ মাঠের যুদ্ধে নামবে সন্ধ্যা ৬টায়। ম্যাচের দুই ইনিংসের মাঝে রাখা হয়েছে ২০ মিনিটের সংক্ষিপ্ত বিরতি। কোনো অনাকাঙ্ক্ষিত বাধা না থাকলে রাত ৯টা ২০ মিনিটের মধ্যেই এবারের আসরের চ্যাম্পিয়ন দলের নাম নির্ধারিত হয়ে যাওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে মিরপুরের এই হাইভোল্টেজ ফাইনালকে ঘিরে গ্যালারি এবং মাঠের বাইরে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222