আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে নির্বাচনী উত্তাপ বাড়লেও প্রচার-প্রচারণা ও রাজনৈতিক কার্যক্রমে আচরণবিধি মানার ক্ষেত্রে অনিয়ম থামছে না। নির্বাচন কমিশনের কড়া নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মধ্যেও অনেক প্রার্থী ও তাদের সমর্থকরা আচরণবিধি লঙ্ঘন করছেন। গত এক মাসে সারাদেশে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ২৫৯টি মামলায় মোট ৩২ লাখ ১৫ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ৮ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাসব্যাপী অভিযানে সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মোট ৪৬১টি ঘটনা শনাক্ত করেন। এর মধ্যে ২৫৯টি ঘটনায় সরাসরি মামলা দায়ের করা হয় এবং জরিমানা আদায় করা হয় ৩২ লাখ ১৫ হাজার ৯৫০ টাকা।
পরিসংখ্যান অনুযায়ী, এক দিনে সর্বোচ্চ সংখ্যক আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে গত ৩ ফেব্রুয়ারি। ওই দিন ৩৩টি অনিয়ম শনাক্ত করা হয়, যার মধ্যে ১৩টি মামলায় ২ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এনআর/
