জামিয়া নূরিয়া টঙ্গীর শিক্ষার্থীদের গণবহিষ্কার: গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ গ্রীন পার্টির বিবৃতি

by Abid

টঙ্গীর জামিয়া নূরিয়া মাদ্রাসার দাওরায়ে হাদিস বিভাগের শিক্ষার্থীদের সাম্প্রতিক গণবহিষ্কারের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ গ্রীন পার্টি।

১৯ এপ্রিল (রবিবার) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এই উদ্বেগ জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান শৃঙ্খলা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত হলেও গণবহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না। বরং সাময়িক স্থগিতাদেশ দিয়ে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে গ্রীন পার্টির নেতৃবৃন্দ উল্লেখ করেন, শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ ও প্রাতিষ্ঠানিক নিয়মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা অপরিহার্য। তবে কোনো বিশেষ পরিস্থিতিতেই গণবহিষ্কারের মতো চূড়ান্ত পদক্ষেপকে সমর্থন করা যায় না। আন্দোলনমুখী প্রবণতা ও শৃঙ্খলাজনিত যেকোনো ইস্যু আলোচনা ও সংলাপের মাধ্যমে সমাধান করাই বাঞ্ছনীয়। উদ্ভূত পরিস্থিতিতে সংঘাতকে তীব্রতর না করে উভয় পক্ষকে আরও সংযত ও সংলাপমুখী অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

বাংলাদেশ গ্রীন পার্টির আহ্বায়ক রিদওয়ান হাসান ও সদস্য সচিব সালাহউদ্দীন জাহাঙ্গীর বিবৃতিতে আরও বলেন, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখপ্রকাশের সুযোগ দেওয়া উচিত। তাদের পুনরায় পাঠে (দরসে) ফিরে আসার পথ প্রশস্ত করলে যেমন শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা পাবে, তেমনি প্রতিষ্ঠানের মানবিক ও ইতিবাচক ভাবমূর্তিও অটুট থাকবে। কর্তৃপক্ষকে মানবিকতা ও প্রাতিষ্ঠানিক ঐতিহ্যের আলোকে বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ জানানোর পাশাপাশি শিক্ষার্থীদেরও আদব ও শৃঙ্খলার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222