ভোলার বোরহানউদ্দিনে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আড়াই ঘণ্টা বন্ধ ভোটগ্রহণ

by Abid

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ভোটারদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কেন্দ্রটিতে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত করে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ৫১ নম্বর আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর কেন্দ্রজুড়ে উত্তেজনা তৈরি হলে প্রায় আড়াই ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখতে হয়। এ সময় স্থানীয় জনতা সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

বিজ্ঞাপন
banner

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে কেন্দ্রটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক হয়ে ওঠে। দুপুর ১২টার দিকে বিদ্যালয় মাঠে হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হলে বিকট শব্দে কেন্দ্রজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোটাররা দিকবিদিক ছুটে যান। এর মধ্যেই লাঠিসোটা হাতে কয়েকজন দুর্বৃত্ত কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে কয়েকজনকে ধরে গণধোলাই দেয়। এ সময় ব্যালট বাক্স রক্ষা করা গেলেও বেশ কিছু ব্যালট পেপার নষ্ট হয়ে যায় বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা পৌঁছান। সঙ্গে আসেন সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মোহাম্মদ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছিল। হঠাৎ ককটেল বিস্ফোরণের পর কিছু ব্যক্তি কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার নিয়ে যায়। এতে ১৩৬টি ব্যালট পেপার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামান জানান, পরিস্থিতি সাময়িকভাবে উত্তপ্ত হয়ে ওঠায় ভোট বন্ধ রাখা হয়েছিল। তবে প্রায় আড়াই ঘণ্টা পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে কেন্দ্রটিতে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222