ভোটগ্রহণ চলাকালে শেরপুর-১ (সদর) আসনের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে সিল দেয়া ৫৩টি ব্যালট পেপারসহ তিনটি ব্যালট বই উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় একজনকে আটক করে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বই ছিনতাই ও জালভোট দেয়ার অভিযোগে নলবাইদ গ্রামের মো. মাসুদকে আটক করা হয় এবং তিনটি ব্যালট বই উদ্ধার করা হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূঁইয়ার আদালতে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মো. বিল্লাল হোসেনকে আটক করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরীর আদালতে তাকে ২ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে বাইরের কয়েকজন ব্যক্তি হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই ছিনিয়ে নেয়।”
তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবগত করা হলে র্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যালট পেপারগুলো উদ্ধার করে। এ ঘটনায় সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত কেন্দ্রটি বন্ধ থাকে। পরে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে পুনরায় শুরু হয়।
এমএআর/
