ঢাকা-১২ আসনে সংসদীয় নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে বড় ব্যবধানে জয়লাভ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল আলম। শুক্রবার সকালে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী সেগুনবাগিচাস্থ কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সাইফুল আলম ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কোদাল প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। অর্থাৎ ২২ হাজার ১৮০ ভোটের বিশাল ব্যবধানে জামায়াত প্রার্থী এই আসনে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এছাড়াও ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ২৯ হাজার ৮৬৯ ভোট পেয়ে লড়াইয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
অন্যদিকে, এই আসনের নির্বাচনে আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমানের ফলাফল ছিল অত্যন্ত হতাশাজনক। প্রজাপতি প্রতীক নিয়ে লড়াই করা এই প্রার্থী মাত্র ১ হাজার ৪৪ ভোট সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। নির্বাচনী পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, আসনটিতে মোট বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৪৪৪টি, যা তারেক রহমানের প্রাপ্ত ভোটের চেয়েও দ্বিগুণের বেশি। অর্থাৎ, বৈধ ভোটের হিসেবে তো বটেই, এমনকি বাতিল হওয়া ভোটের সংখ্যার সমান সমর্থনও তিনি পাননি। ঢাকা-১২ আসনে মোট ৩ লাখ ৩৩ হাজার ৩২০ জন ভোটারের মধ্যে এবার ভোট দিয়েছেন এক লাখ ২২ হাজার ২৬৮ জন, যা শতাংশের হিসেবে প্রায় ৩৭ দশমিক ৪২ ভাগ।
নির্বাচন কমিশনের তথ্যমতে, এই আসনে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৩৪৯ এবং নারী ভোটার ছিলেন ১ লাখ ৫৮ হাজার ৯৬৮ জন। ভোটগ্রহণ প্রক্রিয়া শেষে গণনা ও যাচাই-বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করেন।
টিএইচএ/
