হিজরি রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ অথবা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। মুসলমানদের এই প্রধান ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ বছর সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতর উপলক্ষে এবার মোট পাঁচ দিনের সাধারণ ছুটি নির্ধারিত করা হয়েছে। সম্ভাব্য চাঁদ দেখা সাপেক্ষে ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে ২৩ মার্চ সোমবার পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে। তবে কৌশলী পরিকল্পনায় সরকারি কর্মচারীরা টানা ১০ দিন পর্যন্ত ছুটি কাটানোর সুযোগ পেতে পারেন।
জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হয়েছে। যদি রমজান মাস ২৯ দিনে শেষ হয় এবং ২০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তবে ২১ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আর যদি রমজান ৩০ দিন পূর্ণ হয়, তবে ২২ মার্চ ঈদ পালিত হবে। সরকারের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী, শবে কদর উপলক্ষে ১৭ মার্চ মঙ্গলবার আগে থেকেই সরকারি ছুটি রয়েছে। এর পরদিন ১৮ মার্চ বুধবার একটি সাধারণ কর্মদিবস। ১৯ মার্চ ২৯ রমজান থেকে শুরু হচ্ছে পাঁচ দিনের ঈদের নির্ধারিত ছুটি, যা শেষ হবে ২৩ মার্চ সোমবার। এর পরের দুই দিন অর্থাৎ ২৪ ও ২৫ মার্চ অফিস-আদালত খোলা থাকলেও ২৬ মার্চ বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবসের সাধারণ ছুটি রয়েছে। তার পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
এই ছুটির বিন্যাসের ফলে সরকারি চাকরিজীবীরা যদি মাঝখানের ২৪ ও ২৫ মার্চ—এই দুই দিন নৈমিত্তিক ছুটি (সিএল) গ্রহণ করেন, তবে ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের বিশাল ছুটি উপভোগ করতে পারবেন। এমনকি কেউ যদি ১৮ মার্চ বুধবার একদিনের বাড়তি ছুটি নিতে পারেন, তবে ১৭ মার্চ শবে কদরের ছুটি থেকেই তার এই দীর্ঘ অবকাশ শুরু হবে। যদিও সরকারি ছুটির সাথে মিল রেখে অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে, তবে বেসরকারি খাতের ছুটির বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
টিএইচএ/
