ইরান ও মধ্যপ্রাচ্যের ওপর আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দাওয়াতি ও মানবিক সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ।
সোমবার (২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির আমির মুফাক্কিরে ইসলাম শায়খ ড. শহীদুল ইসলাম ফারুকী এই বর্বর হামলার বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেন। তিনি এই নৃশংস আগ্রাসনকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। বিবৃতিতে শায়খ ফারুকী উল্লেখ করেন, এটি কেবল একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর হামলা নয়, বরং বিশ্বমানবতার বিরুদ্ধে এক প্রকাশ্য যুদ্ধ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর এক নির্মম আঘাত।
পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির তাঁর বিবৃতিতে আরও বলেন, আমেরিকা ও ইসরায়েল দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা, যুদ্ধ ও রক্তপাতকে উসকে দিয়ে নিজেদের আধিপত্যবাদী ও সম্প্রসারণবাদী এজেন্ডা বাস্তবায়ন করে আসছে। ইরানের ওপর সাম্প্রতিক এই হামলা সেই ধারাবাহিক আগ্রাসনেরই এক ভয়াবহ বহিঃপ্রকাশ, যা গোটা অঞ্চলকে এক অনিশ্চিত ও বিপজ্জনক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, পৃথিবী আজ এক দাজ্জালি বিশ্বব্যবস্থার সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ইরান এই সংঘাতের চূড়ান্ত লক্ষ্য নয়, বরং এটি একটি কৌশলগত ধাপ মাত্র। তাদের আসল লক্ষ্য হলো আল-কুদস দখল এবং মুসলিম উম্মাহর আকীদা, ইতিহাস ও অস্তিত্বকে চূড়ান্তভাবে বিপর্যস্ত করা।
বিবৃতিতে অবিলম্বে এই সামরিক আগ্রাসন বন্ধ করে দোষীদের আন্তর্জাতিক বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। সেইসঙ্গে মধ্যপ্রাচ্যে ন্যায়ভিত্তিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘ, ওআইসি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।
টিএইচএ/
