বশির আহম্মদ মোল্লা, (নরসিংদী প্রতিনিধি)
নরসিংদীর রায়পুরা উপজেলায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও ইয়াবাসহ একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) সকালে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আলমগীর হোসেন (৩৭) উপজেলার জঙ্গি শিবপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তার কাছ থেকে একটি সচল ওয়ান শুটারগান এবং ১৬৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিউল্লাহ শিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল রায়পুরা উপজেলার জঙ্গি শিবপুর বাজার সংলগ্ন স-মিল এলাকায় অভিযান চালায়। এ সময় আলমগীরকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করা হয়।
রায়পুরা থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, গ্রেফতারকৃত আলমগীরের বিরুদ্ধে থানায় হত্যা, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বলেও জানান।
এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এনআর/
