যুদ্ধের ক্ষতিপূরণে হরমুজ প্রণালিতে কর বসাবে ইরান

by Abid

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত ১২তম দিনে গড়িয়েছে। এই রক্তক্ষয়ী যুদ্ধে ইরানের অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এখন সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার দিকেই মূল নজর দিয়েছে তেহরান। বিশেষ করে ইরানের তেল খাত সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে এমন আশঙ্কার মধ্যেই দেশটি যুদ্ধের ক্ষতি পূরণে বিকল্প অর্থনৈতিক কৌশলের কথা ভাবছে। সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক ফোয়াদ ইজাদি জানিয়েছেন, ইরানের নীতিনির্ধারকরা এমন একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন যাতে যুদ্ধের যাবতীয় ক্ষতি আদায় করা সম্ভব হয়।

ফোয়াদ ইজাদির তথ্যমতে, ইরানের ভেতরে বর্তমানে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে জোরালো আলোচনা চলছে। এর মধ্যে প্রথমটি হলো একটি ‘আঞ্চলিক পুনর্গঠন তহবিল’ গঠন করা, যেখানে যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য দায়ী দেশগুলোকে অর্থ প্রদান করতে বাধ্য করা হবে। দ্বিতীয় এবং সবচেয়ে আলোচিত প্রস্তাবটি হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সকল বাণিজ্যিক জাহাজগুলোর ওপর বিশেষ কর আরোপ করা। ইজাদি স্পষ্ট করে বলেন, ইরান অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আর বাকিরা সেই জলপথ ব্যবহার করে স্বাভাবিকভাবে লাভবান হবে; তেমন পরিস্থিতি আর চলতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন
banner

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের মোট চাহিদার বিপুল পরিমাণ জ্বালানি তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে এই জলপথে ইরান কোনো ধরনের কর বা নতুন বিধিনিষেধ আরোপ করলে আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। এদিকে তেহরান দাবি করেছে, গত ১২ দিনের যুদ্ধে তাদের প্রায় ১০ হাজার বেসামরিক স্থাপনায় বোমা হামলা চালানো হয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনেরও বেশি সাধারণ ইরানি নাগরিক প্রাণ হারিয়েছেন। ক্ষয়ক্ষতির এই বিশাল অঙ্ক পুনরুদ্ধার করতেই তেহরান এখন হার্ডলাইনে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222