জামালপুরে স্ত্রী তানিয়া হত্যার বিচার ও স্বামীর ফাঁসির দাবিতে মানববন্ধন

by Abid

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুরে স্ত্রী তাহমিনা আক্তার তানিয়াকে নৃশংসভাবে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টার ঘটনায় ঘাতক স্বামী হোসাইন মো. তাইফুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে জামালপুর পৌর শহরের দয়াময়ী মোড়ে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জেলা শাখা ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নিহতের স্বজন, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে অনতিবিলম্বে ঘাতক স্বামীর ফাঁসির দাবি জানান।

বিজ্ঞাপন
banner

মানববন্ধনে বক্তব্য প্রদানকালে নিহতের ছোট ভাই অ্যাডভোকেট আবু ফাহাত তৌকির বলেন, আমার বোনকে যেভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, তার বিচার বাংলার মাটিতে হতেই হবে। আমরা দ্রুততম সময়ের মধ্যে মামলার বিচারিক কার্যক্রম শেষ করে খুনি তাইফুরের সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসি কার্যকর করার দাবি জানাচ্ছি। এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মানিক, বিশিষ্ট মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম ও ডা. মনিরুজ্জামান। জাহাঙ্গীর সেলিম তার বক্তব্যে বলেন, আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট এবং একটিই আর তা হলো তাইফুরের ফাঁসি। এ ধরনের জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের আপস করার সুযোগ নেই।

উল্লেখ্য, গত ৫ মার্চ (শুক্রবার) দিবাগত রাতে জামালপুরে পারিবারিক কলহের জেরে তাহমিনা আক্তার তানিয়ার ওপর ধারালো অস্ত্র ও বিভিন্ন ভারী বস্তু দিয়ে হামলা চালায় তার স্বামী হোসাইন মো. তাইফুর। তানিয়ার মৃত্যু নিশ্চিত করার পর অপরাধের আলামত নষ্ট করতে মরদেহ বিছানায় রেখে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে প্রতিবেশীরা আগুনের ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ ঘটনাস্থল থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করে।

ঘটনার পরপরই স্থানীয় জনতার সহায়তায় ঘাতক স্বামী তাইফুরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরদিন নিহতের ভাই বাদী হয়ে হোসাইন মো. তাইফুরকে প্রধান আসামি করে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে আসামি জেলহাজতে থাকলেও মামলার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে রায় ঘোষণার দাবিতে রাজপথে নেমেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222