ভারতের পশ্চিমবঙ্গ ও আসামসহ পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।
রোববার (১৫ মার্চ) দিল্লির বিজ্ঞান ভবন থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ঘোষিত তফসিল অনুযায়ী, পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, কেরালা, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরীতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সবকটি রাজ্যের নির্বাচনী ফলাফল ও ভোট গণনা সম্পন্ন হবে আগামী ৪ মে।
পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে এবার ভোটগ্রহণ হবে দুই ধাপে। প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় ধাপের ভোট হবে ২৯ এপ্রিল। প্রথম ধাপে ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে, যার মধ্যে কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, কোচবিহার, মুর্শিদাবাদ, বীরভূম ও বাঁকুড়াসহ উত্তরবঙ্গ এবং রাঢ় বাংলার জেলাগুলো অন্তর্ভুক্ত। দ্বিতীয় ধাপে কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গের ১৪২টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হবে। তবে বাংলায় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) নিয়ে এখনও জটিলতা কাটেনি। ইতোমধ্যে প্রায় ৬০ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে এবং আরও ৬০ লাখ ভোটারের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। সব মিলিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা থাকলেও নির্বাচন কমিশন জানিয়েছে, সংবিধান মেনেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চূড়ান্ত তালিকায় বর্তমানে ৬ কোটি ৪৪ লাখ ভোটারের নাম রয়েছে।
এদিকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের ১২৬টি আসনে এবং কেরালা (১৪০ আসন) ও পুদুচেরীতে আগামী ৯ এপ্রিল এক ধাপে ভোট গ্রহণ করা হবে। অন্যদিকে দক্ষিণ ভারতের প্রভাবশালী রাজ্য তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোট অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল। নির্বাচনের এই ডামাডোল শুরু হওয়ার মধ্য দিয়ে ভারতের রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মসনদে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কে বসছেন, তা জানতে আগামী ৪ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।
টিএইচএ/
