আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে আবারও ঘোষণা করেছেন, যে এই হামলার প্রতিশোধ নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার টোলো নিউজের “ফারাখাবার” প্রোগ্রামে দেওয়া সাক্ষাৎকারে মুজাহিদ বলেন: “আফগানরা তাদের রক্তকে ক্ষমা করে না, এবং প্রতিশোধ ত্যাগ করে না। আগের অপরাধের প্রতিশোধ নেওয়া হয়েছিল, এবারও আমরা আমাদের জনগণের জন্য প্রতিশোধ নেব।”
একই সঙ্গে মুজাহিদ কূটনৈতিক পন্থার গুরুত্বও তুলে ধরেন এবং বলেন যে, ইমারাতে ইসলামিয়া উত্তেজনা নিরসনের জন্য সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করে।
“আমরা কখনো সংলাপ বা রাজনৈতিক সমাধানের বিরোধিতা করিনি। আমরা সবসময় কথাবার্তা ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চেষ্টা করেছি। আলোচনা চলছিল, কিন্তু এটি অন্য পক্ষের ইচ্ছার উপর নির্ভর করে, কারণ যুদ্ধ শুরু করেছে তারা।”
অন্যদিকে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কাবুলের একটি চিকিৎসা প্রতিষ্ঠানের উপর সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হাক সংবাদ সম্মেলনে বলেন: “মহাসচিব ১৬ মার্চ কাবুলে হাসপাতালের উপর বিমান হামলার তীব্র নিন্দা জানাচ্ছেন, যেখানে বেসামরিক লোক হতাহত হয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, চিকিৎসা প্রতিষ্ঠান ও রোগীদের সব সময় সুরক্ষিত রাখতে হবে এবং এই ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।”
হামলার পর এ ঘটনায় ৪০০-এর বেশি মানুষ শহীদ এবং ২৫০-এর বেশি আহত হয়েছেন। এই ঘটনা ঘিরে দেশের ভিতরে ও আন্তর্জাতিক স্তরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
অনুবাদ: আতাউল্লাহ নাবহান
হাআমা/
