পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে লাখো পর্যটকের সমাগমে উৎসবের নগরীতে পরিণত হয়েছে কক্সবাজার। ঈদের দ্বিতীয় দিন রোববার (২২ মার্চ) সকাল থেকেই সৈকতের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে ব্যাপক লোক সমাগম। এর মধ্যে কলাতলী, সুগন্ধা, লাবণীসহ সব পয়েন্টে উপচে পড়া ভিড় দেখা যায়।
এবারের ঈদে ছুটি থাকায় দেশের নানাপ্রান্ত থেকে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে এসেছেন অনেকে। বালুকাবেলায় তারা উপভোগ করছেন ভ্রমণের আনন্দ। পর্যটক সমাগমের কারণে প্রাণ ফিরেছে পর্যটন ব্যবসায়। ব্যস্থ সময় কাটাচ্ছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বার্মিজ মার্কেটের শুঁটকির এক দোকানি বলেন বলেন, রমজানে ব্যবসা বন্ধ ছিল, গত দুই দিনে প্রচুর পর্যটক আসছে। সামনের দিনে তা আরও বাড়বে বলে আশা করি। এখন ব্যবসা ভালো যাবে বলে মনে হচ্ছে। লাভের মুখ দেখবো।
হোটেল-মোটেল-রিসোর্টসহ শহরের ৫ শতাধিক আবাসিক প্রতিষ্ঠানের কোথাও কোনো রুম খালি নেই।
পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক তৎপরতা দেখা গেছে পর্যটন স্পটগুলোতে।
জেলা প্রশাসক আব্দুল মান্নান জানিয়েছেন, পর্যটকরা এই শহরের অতিথি। তাদের নিরাপত্তা নিশ্চিত করাসহ যে কোনো সেবায় জেলা প্রশাসন সহযোগিতা অব্যাহত রাখবে।
এনআর/
