নরসিংদীর ড্রিম হলিডে পার্কে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

by Abid

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে হাজার হাজার ভ্রমণপিপাসু দর্শনার্থীর উপচেপড়া ভিড়ে মুখর হয়ে উঠেছে নরসিংদীর ঐতিহ্যবাহী ড্রিম হলিডে পার্ক। ঈদ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ও বর্ণিল সাজে সাজানো এই বিনোদন কেন্দ্রটি এখন দেশি-বিদেশি পর্যটকদের প্রধান আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। নরসিংদী সদর উপজেলার পাঁচদোনার চৈতাবতে অবস্থিত আন্তর্জাতিক মানের এই পার্কে ঈদের দিন থেকেই তিল ধারণের ঠাঁই নেই। নাগরিক কোলাহল থেকে স্বস্তি পেতে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সব বয়সী মানুষ এখানে ছুটে আসছেন।

পার্কটির স্বত্বাধিকারী প্রবীর কুমার সাহার রুচিশীল পরিকল্পনায় গ্রামীণ পরিবেশে নির্মিত দৃষ্টিনন্দন ও আদর্শ গ্রামটি পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করছে। নদীবেষ্টিত দ্বীপের মতো কারুকার্যময় এই স্থাপনাটি বিশ্বজুড়ে নান্দনিক এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এবারের ঈদে পার্কে নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে ‘হেলিকপ্টার রেসকিউ’, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহ সৃষ্টি করেছে। এছাড়া কৃত্রিম নদী ও পাহাড়বেষ্টিত ‘ড্রিম সাফারি পার্ক’ এবারের বিনোদনে ভিন্ন মাত্রা যোগ করেছে। এক কিলোমিটার দৈর্ঘ্যের এই কৃত্রিম নদী, পাহাড়, জীবজন্তু ও বনমানুষের দ্বীপ পর্যটকদের নজর কাড়ছে।

বিজ্ঞাপন
banner

পার্কের ভেতরে ড্রিম আই, ডাইনোসর অ্যাটাক, সুইং কার, রোলার কোস্টার, ডেমু ট্রেন, এয়ার বাইসাইকেল ও জাম্পিং হর্সের মতো জনপ্রিয় রাইডগুলোতে মেতে আছেন দর্শনার্থীরা। বিশেষ করে স্বপ্নের সেতুর ওপর দিয়ে স্কাই ট্রেন চলাচলের দৃশ্যটি সবার প্রশংসা কুড়াচ্ছে। পরিবার-পরিজন নিয়ে অনেকেই প্যাডেল বোটে ঘুরে দেখছেন ভূতের রাজ্য কিংবা আইস পাহাড়। তবে সব রাইডের মধ্যে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে ওয়াটার পার্কে। গানের তালে তালে ওয়াটার কিংডমে পানির ঢেউয়ে নেচে-গেয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠছেন শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণীরা।

কুমিল্লা থেকে আসা দর্শনার্থী আনিসুর রহমান জানান, ব্যস্ততার কারণে সচরাচর কোথাও যাওয়া হয় না, তাই ঈদ উপলক্ষে সপরিবারে ড্রিম হলিডে পার্কে এসেছেন। এখানকার মনোরম পরিবেশ, বিশেষ করে ভূতের বাড়ি এবং সুইমিং পুলের অভিজ্ঞতা তার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে। শুধু দেশি পর্যটকই নয়, চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং পার্শ্ববর্তী ভারতের আগরতলা থেকেও বিপুলসংখ্যক বিদেশি পর্যটক এখানে ঈদ উদযাপন করতে এসেছেন। অত্যাধুনিক কটেজ ও উন্নত রেস্টুরেন্ট সুবিধা থাকায় অনেকেই সপরিবারে কয়েক দিনের জন্য এখানে অবস্থান করছেন।

ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা জানান, ঈদ উপলক্ষে দর্শনার্থীদের সর্বোচ্চ বিনোদন ও নিরাপত্তা নিশ্চিত করতে পার্ক কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রায় ৩০০ বিঘা জমির ওপর নির্মিত এই পার্কে বর্তমানে ওয়াটার পার্ক ও ভূতের রাজ্যসহ মোট ২৫টি আকর্ষণীয় রাইড চালু রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পার্কটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে। ৩৫০ টাকা প্রবেশমূল্যের পাশাপাশি রাইড ভেদে দর্শনার্থীদের ৭০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত টিকিট সংগ্রহ করতে হচ্ছে। আগত পর্যটকদের নিরাপত্তায় পার্ক এলাকায় পর্যাপ্ত রক্ষী ও তদারকি ব্যবস্থা জোরদার করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222