বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদী জেলায় ডিজেল, পেট্রোলসহ সকল প্রকার জ্বালানি তেল ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকালে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামানের সঞ্চালনায় সভায় জেলা প্রশাসন, জেলা পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন, এলপি গ্যাস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেশ কিছু কঠোর ও যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন ভার্চুয়ালি জেলার ৬টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনারদের (ভূমি) সঙ্গে যুক্ত হয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, উপজেলা পর্যায়ে প্রতিটি পেট্রোল পাম্পের তদারকির জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ‘ট্যাগ অফিসার’ হিসেবে নিয়োগ দেওয়া হবে। এছাড়া এখন থেকে ফুয়েল কার্ডের মাধ্যমে মোটরসাইকেলে সর্বোচ্চ ৩০০ টাকার তেল সরবরাহ করা হবে। বিশেষ করে চালকের হেলমেট এবং গাড়ির বৈধ লাইসেন্স না থাকলে কোনো পাম্প থেকে জ্বালানি তেল সরবরাহ করা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি পেট্রোল পাম্পে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। সভায় কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যদি কোনো পাম্প মালিক অবৈধভাবে তেল মজুত বা পাচারের চেষ্টা করেন, তবে তাৎক্ষণিকভাবে তার লাইসেন্স বাতিল করা হবে। পাশাপাশি রোড পারমিট ছাড়া নরসিংদী জেলায় কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব নির্দেশনা বাস্তবায়নে এবং বাজার তদারকিতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে বলে সভায় নিশ্চিত করা হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শিউলী রহমান তিন্নি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আশিকুর রহমান, নরসিংদী ডিজিএফআই-এর সহকারী পরিচালক মো. ইউনুছ আলী, র্যাব-১১-এর সিপিএসসি নরসিংদীর উপসহকারী পরিচালক (ডিএডি) আবু বক্কর মোহাম্মদ হেলাল এবং জেলা পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের সভাপতি মোমেন মোল্লাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
টিএইচএ/
