এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধার (৭০) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার কেন্দুয়া রেলওয়ে স্টেশনের কালিবাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধা সদর উপজেলার ১৩ নং মেষ্টা ইউনিয়নের মেষ্টা গ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তার পূর্ণাঙ্গ পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সরিষাবাড়ীর তারাকান্দি স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করছিল। এ সময় ওই বৃদ্ধা অসাবধানতাবশত রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে দ্রুত রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানান, বৃদ্ধার মাথার পেছনে গুরুতর আঘাত লেগে খুলির হাড় ভেঙে গিয়েছিল। হাসপাতালে আনার পর তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছিল। দুর্ভাগ্যবশত তিনি মারা গেছেন। এই বিষয়ে একটি অপমৃত্যু মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
টিএইচএ/
