দিনাজপুরের নবাবগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস বলে বিক্রির উদ্দেশে প্রস্তুত করার সময় তিন জনকে আটক করে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনাস্থল থেকে ১২ মন ঘোড়ার মাংস জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মাংসগুলোকে মাটিতে পুঁতে নষ্ট করা হবে বলে জানা গেছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার গাজীপুর সুপারি বাগান এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের এই কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুল্লাহ, রুবেল, রবিউল তাদের বাড়ি নেত্রকোনা, নীলফামারী ও রংপুর জেলায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান জানান, সকালে সংবাদ পাই উপজেলার একটি সুপারি বাগানে কয়েকজন ঘোড়া জবাই করে মাংস বৃদ্ধির উদ্দেশ্যে প্রস্তুত করছে। সেই সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৬টি ঘোড়ার মাংস জব্দ করা হয়।
এর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এনআর/
