বাংলাদেশি জাহাজকে হরমুজ পার হতে বাধা ইরানের

by hsnalmahmud@gmail.com

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ ৪০ দিন আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পার হতে পারেনি। ইরান সরকারের অনুমতি না মেলায় জাহাজটিকে ঘুরিয়ে নিরাপদে সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএসসির তথ্য অনুযায়ী, গত বুধবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে যাত্রা শুরু করে ‘বাংলার জয়যাত্রা’। প্রায় ৪০ ঘণ্টা চলার পর শুক্রবার সকালে জাহাজটি হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে প্রণালি পার হওয়ার অনুমতি চায়। তবে তেহরান সেই অনুমতি প্রত্যাখ্যান করে।

বিজ্ঞাপন
banner

বিষয়টি নিশ্চিত করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, ইরান সরকারের নির্দেশনা অনুসরণ করেই অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছে। কূটনৈতিক চ্যানেলে অনুমতি আদায়ের প্রচেষ্টা এখনো চলমান রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, জাহাজটি এখনো হরমুজের কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি বিবেচনায় আপাতত জাহাজটিকে শারজা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমোডর মাহমুদুল মালেক আরও জানান, জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাবার মজুত রয়েছে। জাহাজটি প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধন করতে সক্ষম হলেও এজন্য ইঞ্জিন পূর্ণ গতিতে চালু রাখতে হয়। ফলে রেশনিংয়ের মাধ্যমে দৈনিক পানির ব্যবহার ৬ টনে নামিয়ে আনা হয়েছে।

নাবিকদের মনোবল ধরে রাখতে খাবারের দৈনিক বরাদ্দ জনপ্রতি ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি বেসিক বেতনের সমপরিমাণ ওয়ার অ্যালাউন্স দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বিএসসি জানায়, ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। এরপর কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি।

এর পরদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়।

গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে জাহাজটির পণ্য খালাস শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার সূচি ছিল। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে জাহাজটিকে নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি।

ফলে হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করলেও নিরাপত্তাজনিত কারণে আবার শারজায় ফিরে যেতে বাধ্য হয় ‘বাংলার জয়যাত্রা’। জাহাজটির ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন যাওয়ার কথা রয়েছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222