দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে কাতার-আফগানিস্তানের জোর প্রতিশ্রুতি

by hsnalmahmud@gmail.com

কাতারের রাষ্ট্রদূত ও আফগানিস্তানের ইসলামিক আমিরাতের (আইইএ) কর্মকর্তাদের মধ্যকার এক বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়েছে। কাবুলে আফগান প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ অব স্টাফ আব্দুল ওয়াসি এবং আফগানিস্তানে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত মুরদিফ বিন আলী আল-কাশৌতির মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সোমবার (১৮ মে) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে (আর্গ) এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে কাতারের দূত আফগানিস্তান ও কাতারের মধ্যকার সম্পর্ককে ঐতিহাসিক এবং অত্যন্ত মজবুত বলে বর্ণনা করেন। তিনি তাঁর কূটনৈতিক মিশন চলাকালীন এই সম্পর্ককে আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন
banner

আল-কাশৌতি আফগানিস্তানে কাতারের সমাপ্ত এবং চলমান মানবিক ও উন্নয়নমূলক প্রকল্পগুলোর কথা তুলে ধরে বলেন, দেশটির বর্তমান উন্নত নিরাপত্তা পরিস্থিতির আলোকেই দোহা বিভিন্ন খাতে এই সহযোগিতা অব্যাহত রাখতে চায়।

আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন কাতারি রাষ্ট্রদূত। তিনি যোগ করেন, এই দুই প্রতিবেশী দেশের মধ্যকার সমস্যাগুলোর উপযুক্ত সমাধান খুঁজে বের করতে কাতার আন্তরিকভাবে সহযোগিতা করতে চায়।

আব্দুল ওয়াসি কাতারের রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং কাতারকে একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ হিসেবে বর্ণনা করেন, যেটি গত দুই দশক ধরে আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি আফগানিস্তানে কাতারের উন্নয়নমূলক উদ্যোগগুলোর প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে আরও ব্যাপক সহযোগিতার আহ্বান জানান।

বৈঠকের সমাপ্তিতে আব্দুল ওয়াসি বলেন, ইসলামিক আমিরাত পারস্পরিক শ্রদ্ধা, আফগানিস্তানের জাতীয় স্বার্থ এবং ইসলামি নীতিমালার ভিত্তিতে প্রতিবেশী দেশ, অঞ্চল এবং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায়।

তিনি আরও যোগ করেন, ইসলামিক আমিরাত যেমন আফগানিস্তানের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, ঠিক তেমনি অন্যান্য দেশের শান্তি ও স্থিতিশীলতাকেও তারা সর্বদা সমর্থন করে। সূত্র: আরিয়ানা নিউজ

অনুবাদ: আতাউল্লাহ নাবহান মামদুহ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222