রমজানে আল-আকসা রক্ষায় ঐক্যের ডাক হামাসের

by Nur Alam Khan

পবিত্র রমজান মাসে দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদে গিয়ে ইবাদত, দৃঢ় অবস্থান এবং ইতেকাফে অংশ নিতে ফিলিস্তিনিদের আহ্বান জানিয়েছেন হামাস। স্বাধীনতাকামী এই সংগঠনটি বলছে, আল-আকসার প্রতি আনুগত্য শুধুমাত্র ধর্মীয় প্রতীক নয়, বরং এটি দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের অংশও।

হামাস একটি বিবৃতিতে পশ্চিম তীর, জেরুজালেম ও ইসরাইলে বসবাসকারী ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ‘এই মাসে আল-আকসা মসজিদে গিয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালান, সেখানে দৃঢ় অবস্থান ধরে রাখুন এবং ইতেকাফ করুন।’ তারা আরও বলেছে, ‘রমজানের বরকতময় দিন ও রাতগুলো ইবাদত, দৃঢ় অবস্থান এবং শত্রু ও বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে প্রতিরোধে উৎসর্গ করুন, পাশাপাশি জেরুজালেম ও আল-আকসার প্রতিরক্ষা নিশ্চিত করুন যতক্ষণ না তা দখলদারিত্ব থেকে মুক্ত হয়।’

বিজ্ঞাপন
banner

হামাস বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে, গাজা, পশ্চিম তীর ও জেরুজালেমের জনগণের প্রতি সংহতি প্রকাশে ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে।

এদিকে, আল-আকসা মসজিদের খতিব শেখ ইকরিমা সাবরি বলেছেন, দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ নিরাপত্তার অজুহাতে জেরুজালেমে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে তিনি দাবি করেন, এর প্রকৃত উদ্দেশ্য হলো ফিলিস্তিনিদের আল-আকসায় প্রবেশ সীমিত করা। প্রতিবছর রমজান মাসে দখলদার ইসরায়েল এমন নিষেধাজ্ঞা আরোপ করে, যা আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা সৃষ্টি করে।

ফিলিস্তিনিরা মনে করেন, এই বিধিনিষেধ পূর্ব জেরুজালেমসহ আল-আকসা মসজিদকে ইহুদিকরণ এবং এর আরব ও ইসলামি পরিচয় মুছে ফেলার ইসরায়েলি নীতির অংশ। আল-আকসা মসজিদ ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান, যেটি ইহুদিরা ‘টেম্পল মাউন্ট’ বলে অভিহিত করে এবং সেখানে প্রাচীনকালে দুটি ইহুদি মন্দির ছিল বলে দাবি করে।

ইসরায়েল ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে এবং ১৯৮০ সালে পুরো শহরটি নিজেদের অংশ হিসেবে সংযুক্ত করার ঘোষণা দেয়, যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই স্বীকৃতি দেয়নি। গত বছরের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দীর্ঘদিনের দখলদারিত্ব অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে সব বসতি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222