মো: নিজাম উদ্দিন স্বাধীন >>
খুলনা নগরীর হরিণটানা থানায় একটি দস্যুতার মামলা হয় কয়েকদিন আগে। ছিনতাইকারীদের শনাক্ত ও আটকের জন্য মামলার নিবিড় তদন্ত শুরু করে থানা পুলিশের একটি চৌকস টিম।
ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ২৮ মে দুপুরে হরিণটানা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতয়ালী থানাধীন বসুন্দিয়া জঙ্গলবাধাল এলাকা হতে ইসলাম নগরের নিজাম উদ্দিন স্বপন সরকারের ছেলে দেলোয়ার সরকার (২৯), মোড়লগঞ্জের কেনাভাঙ্গার শাহিন খলিফার ছেলে রিয়াদ খলিফা (২২) ও খুলনার সোনাডাঙ্গার মাগরেব গাজীর ছেলে সাইফুল গাজী (৩২) কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামী দেলোয়ারের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত ১টি চাপাতি ও বাদীর নিকট হতে ছিনিয়ে নেওয়া ১টি স্যামস্যাং মোবাইল এবং ১টি ট্যাব উদ্ধার করা হয়।
এছাড়া গ্রেপ্তারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৯ মে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বটতলী বাজার হতে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত ১টি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এদিকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত অপর আসামী হরিণটানার গোলাম মোস্তফা শেখের ছেলে তুষার শেখ (২০) কে গত ৩০ মে বিকেলে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা হতে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামীগণ পেশাদার ছিনতাইকারী। তারা নগরীর বিভিন্ন থানার বিভিন্ন এলাকায় মাদক কারবার, চুরি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে। মামলাটির তদন্ত অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এআইএল/
