কুমিল্লা জেলার সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের ধনুয়াখলা পূর্বপারা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন ভণ্ড রাজারবাগের আস্তানা বন্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা।
বুধবার (২৭ আগস্ট) সকালে স্থানীয় ওলামায়ে কেরাম, ছাত্র জনতা ও এলাকাবাসীর আয়োজনে সদরের কালীর বাজার ইউনিয়নের ধনুয়াখলা বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
এ সময় ৫ শতাধিক বিক্ষোভকারীরা কালীর বাজার ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে বিক্ষোভ শুরু করে ধনুয়াখলা বাজারে এসে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন।
বিক্ষোভকারী জনতা এ সময় ‘রাজারবাগীর আস্তানা – কালীর বাজারে হবে না, রাজারবাগীর আস্তানা – ভেঙে দাও গুড়িয়ে দাও, এ্যাকশন টু এ্যাকশন- ডাইরেক্ট এ্যাকশন, মুসলমানের এ্যাকশন -ডাইরেক্ট এ্যাকশন, ভণ্ডদের আস্তানা -ভেঙে দাও গুড়িয়ে দাও, শিরিকিদের আস্তানা- ভেঙে দাও গুড়িয়ে দাও’সহ নানা স্লোগান দিতে থাকেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা রাজার বাগের আস্তানার কার্যক্রম গুটিয়ে নিতে আল্টিমেটাম দেন। কোন রকম বিশৃঙ্খল পরিস্থিতি হলে সকল দায়ভার তাদের নিতে হবে বলে হুঁশিয়ারি দেন এবং এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ আল মামুন, হেফাজতে ইসলামীর মহানগরী আমির মুফতি জিলানী, কালীর বাজার ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম সিআইপি, কুফর শিরক প্রতিরোধ কমিটির সভাপতি হাফেজ আহমদ।
এআইএল/
