নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টিনশেড বাড়ির দুটি কক্ষে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে লাইফ সাপোর্টে থাকা আসমা (৩২) মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। চিকিৎসকরা জানান, আসমার শরীরের প্রায় ৪৮ শতাংশ দগ্ধ হয়েছিল এবং শ্বাসনালিও পুড়ে গিয়েছিল।
প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাত সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের পূর্ব পাইনাদীর খন্দকার ভিলায় ভাড়াটিয়ার কক্ষে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের নয়জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ১ মাস বয়সী শিশু ইমাম উদ্দিন, নানী তাহেরা আক্তার (৫৫), হাসান গাজী (৪০), তার শিশুকন্যা জান্নাত (৪), স্ত্রী সালমা বেগম (৩০), শ্যালিকা আসমা (৩২) ও আসমার কলেজ পড়ুয়া মেয়ে তানজিলা আক্তার তিশা (১৭) মারা গেছেন।
হাসান গাজীর ১১ বছরের মেয়ে মুনতাহা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এআইএল/
