বাবার মৃত্যুর শোক নিয়েই এশিয়া কাপে দলের সঙ্গে পুনরায় যোগ দিচ্ছেন শ্রীলঙ্কার স্পিন অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, শনিবার সকালে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের ম্যাচেই দেখা যেতে পারে এই তরুণ অলরাউন্ডারকে।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার পরই বাবার মৃত্যুসংবাদ পান ওয়েলালাগে। তার বাবা সুরাঙ্গা ওয়েলালাগে কলম্বোতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। খবর পেয়েই দেশে ফিরে যান তিনি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল ওয়েলালাগের এবারের এশিয়া কাপে প্রথম। তবে সেই ম্যাচেই মোহাম্মদ নবির এক ওভারে টানা পাঁচটি ছক্কা হজম করতে হয় তাকে। বাংলাদেশের বিপক্ষে শনিবারই সুপার ফোরের যাত্রা শুরু করছে শ্রীলঙ্কা। এই গুরুত্বপূর্ণ ম্যাচেই মাঠে নামতে পারেন শোকাহত ওয়েলালাগে।
টিএইচএ/
