বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দেশের হয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন গত বছরের অক্টোবর মাসে ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ম্যাচের মাধ্যমে। সেই সময় তাঁকে স্কোয়াডেও রাখা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি দেশে ফিরতে পারেননি, যা নিয়ে তাঁর মনে এখনো আক্ষেপ রয়েছে।
এই পরিস্থিতির পেছনে পরোক্ষভাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা‘ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া’কে দায়ী করছেন সাকিব। ক্রিকেটপ্রেমীরা যখন বিশ্ব ক্রিকেটের অন্যতম উত্তেজনাপূর্ণ ম্যাচ ভারত-পাকিস্তানের মহারণ নিয়ে ব্যস্ত, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব ও আসিফের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য দেখা যায়।
সম্প্রতি আসিফ মাহমুদ সজীব তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে লিখেন,
“একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। তবে আমি ঠিক ছিলাম। আলোচনার শেষ এখানেই।”
এর উত্তরে সাকিব তাঁর অফিশিয়াল পেজে জানান,
“যাক, শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তাঁর জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের হয়ে খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।”
বর্তমানে সাকিব বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লীগে অংশ নিচ্ছেন। সম্প্রতি তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলেছেন। বাংলাদেশের হয়ে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ভারতের বিপক্ষে, গত বছরের অক্টোবর মাসে। এবারও সাকিবের ফিরে আসার সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চলছে ক্রিকেট মহলে। তবে তাঁর ব্যক্তিগত মনোভাব ও দেশীয় ক্রিকেট প্রশাসনের অবস্থান ভবিষ্যতে কী হবে, তা সময়ই বলবে।
টিএইসএ/

