বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মুফতি জাহিদুজ্জামান আগামী জাতীয় নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রাজনৈতিক অশান্তি ও দলান্ধতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, নির্বাচনের সময় ফেসবুকে যেন এক অঘোষিত যুদ্ধ শুরু হয়েছে। কিছু বন্ধুকে দেখা যায়, কোমরে গামছা বেঁধে লড়াইয়ে নেমেছে। বিতর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে যুক্তি নয়, বরং অশালীনতা ও বিদ্বেষই মুখ্য হয়ে উঠেছে।
মুফতি জাহিদুজ্জামান মন্তব্য করেন, গণতন্ত্র এমন এক ব্যবস্থা যেখানে বিভাজন স্বাভাবিক। “একদল পক্ষ, আরেকদল বিপক্ষ—এই লড়াইতেই সমাজের ভিত্তি স্থাপিত হয়। কিন্তু এই ব্যবস্থার মধ্যে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাদের সচেতন থাকা প্রয়োজন।”
তিনি কোরআনের আয়াত সূরা মায়িদাহ উদ্ধৃত করে বলেন, ‘কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদের ন্যায়বিচার থেকে বিরত না রাখুক; ন্যায় কর, এটাই তাকওয়ার নিকটতর।’
মুফতি জাহিদুজ্জামান আরও বলেন, বর্তমান সমাজে অনেকেই দল, নেতা বা মতের পূজারী হয়ে যাচ্ছেন। অথচ ইসলামের শিক্ষা অনুসারে মানুষের কর্তব্য হলো ভ্রাতৃত্ব, ইনসাফ ও ঐক্য প্রতিষ্ঠা করা। ইসলাম কোনো পক্ষ-বিপক্ষ তৈরি করে না; বরং সবাইকে আল্লাহর ন্যায়ের অধীনে দাঁড় করায়।
তিনি শেষ করেন, ‘গণতন্ত্রে পক্ষও থাকবে, বিপক্ষও থাকবে। কিন্তু আমাদের দায়িত্ব হলো সহনশীল থাকা, পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা এবং অন্তরে ইসলামি ইনসাফের স্বপ্ন জিইয়ে রাখা। যারা অন্ধ দলান্ধতায় মগ্ন, তাদের মনে রাখা উচিত—দল পাল্টাবে, নেতা মরবে, ক্ষমতা ঘুরবে; কিন্তু ন্যায় ও সত্যের দাবিই চিরন্তন। রাজনীতি হলো দায়িত্ব; ক্ষমতা নয়, আমানত।’
হাআমা/
