জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি ও নির্বাচন উপকমিটির আহবায়ক মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, ‘জোট হলেও আছি, না হলেও আছি। জমিয়ত এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। আমরা নির্বাচনি সমঝোতার জন্য যে তালিকা প্রস্তুত করেছি, লড়াই করে জিতে আসার জন্যই করেছি। যদি সেই কাঙ্খিত আসনগুলোতে কারো সাথে সমঝোতা না হয়, তাহলে এককভাবে লড়ব ইনশাআল্লাহ। আমরা বর্তমানে কারো সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জোটে নেই। দেশ-জাতির কল্যাণে প্রদত্ত আমাদের কোন বক্তব্য কারো বক্তব্যের সাথে মিলে যেতে পারে, সেটা ভিন্ন কথা। এ নিয়ে কোন কোন ভাই নানাভাবে ট্রল করছেন। মনে রাখতে হবে, যার আমলের জবাবদিহিতা তাকেই করতে হবে।
আজ রোববার (৯ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, রাজনীতিতে শেষ কথা নেই বলে একটা কথা শোনা যায়। এছাড়া রাজনীতিতে কেউ স্থায়ী শত্রুও নেই, স্থায়ী বন্ধুও নেই। তবে নীতি-আদর্শের ক্ষেত্রে কোন আপোষ করা সম্ভব নয়। জমিয়ত সেই নীতিই লালন করে। তবে আমরা অন্তর থেকে কামনা করি, দ্বীনের ক্ষেত্রে বিশ্বস্ত বা ক্ষতির সম্ভাবনা নেই এবং দেশ-জাতির কল্যাণের ক্ষেত্রে আস্থা রাখা যায় এমন শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক।
এআইএল/
