সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী মুহাম্মদ সা. কে নিয়ে কটূক্তির অভিযোগে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী বিশ্বজিৎ চন্দ্র বর্মনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ সা. কে নিয়ে কটূক্তির অভিযোগে গত ২৬ নভেম্বর ক্যাম্পাস থেকে বিশ্বজিৎ চন্দ্র বর্মনকে আটক করা হয়। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়। মামলা দায়েরের পর ২৭ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, বিশ্বজিৎ চন্দ্র বর্মন ‘ফারিয়া আক্তার’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি খোলে। সেখানে মহানবীকে নিয়ে কটূক্তি করে। তিতুমীর কলেজের শিক্ষার্থী ওয়াহিদ সাব্বির ২২ নভেম্বর ক্যাম্পাসে বসে মহানবীর কটূক্তির বিষয়টি দেখে। শাহ মোহাম্মদ নামক ফেসবুক আইডির সঙ্গে চ্যাটিংকালেও মহানবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কটূক্তি করে। পরে কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে আইডির মালিককে খুঁজতে থাকে। আফিফ নামে তিতুমীর কলেজের এক শিক্ষার্থীর ম্যাসেঞ্জার থেকে ‘ফারিয়া আক্তার’ আইডিতে ভিডিও কল দিলে বিশ্বজিৎ রিসিভ করে।
এরপর গত ২৬ নভেম্বর তাকে আটক করে শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়। এ ঘটনায় তিতুমীর কলেজের শিক্ষার্থী ওয়াহিদ সাব্বির ২৬ নভেম্বর বনানী থানায় মামলা করেন।
এআইএল/
