জয়পুরহাটের ঘোনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঘোনাপাড়া সীমান্তে আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিজিবির বাধার মুখে কাজ বন্ধ করে সরে যেতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা।

বিজ্ঞাপন
banner

শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া নির্মাণকাজ শুরু করে। ২৮১ নম্বর সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় এই কাজ চলছিল। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীন কয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের অবগত করেন। পরে ঘটনার সত্যতা পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবির সদস্যরা বাধা দেন।

এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সরে যান। পরে এ ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখা এবং স্থাপিত কাঁটাতারের বেড়া সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে এ ঘটনায় বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদও জানিয়েছে বিজিবি।

জয়পুরহাট-২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন বলেন, “সীমান্ত আইন লঙ্ঘনের বিষয়ে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।”

এর আগেও পরপর দুবার পাঁচবিবির সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222