ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা ও গলাকাটা অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ফরিদপুর–বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের নারানখালি ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। লাশটি হাত-পা বাঁধা অবস্থায় পড়ে ছিল, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসূল সামদানী আজাদ জানান, “ফরিদপুর–বরিশাল মহাসড়কের ডাংগী ইউনিয়নের নারানখালি ব্রিজের নিচ থেকে একটি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, “সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৪৫ বছর বয়সী এক যুবকের হাত-পা বাঁধা ও গলাকাটা লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করে লাশটি সেখানে ফেলে রেখে যায়।”
এমএআর/
