উত্তরের জেলা ঠাকুরগাঁও থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে সংঘটিত এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৪।
অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি অগভীর ভূমিকম্প ছিল। তাদের তথ্যমতে, অধিকাংশ মানুষ এই কম্পন তেমনভাবে অনুভব করেননি।
এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হালকা কম্পনের কারণে আশপাশের এলাকার কিছু মানুষ আতঙ্কিত হয়ে পড়েন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৫ জানুয়ারি সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় ভোরের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী কম্পন অনুভব করেন স্থানীয়রা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভূমিকম্প টের পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন।
টিএইচএ/
